বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি যাওয়া প্রায় অর্ধকোটি টাকা মূল্যের কয়লা পরীক্ষার মেশিন ঢাকায় জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে ঢাকার ডেমরা এলাকা থেকে মেশিনটি জব্দ করা হয়।

এর আগে তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে তালাবদ্ধ একটি কক্ষ থেকে ৪৭ লাখ টাকা মূল্যের মেশিনটি চুরি হয়। পরে ১৬ জানুয়ারি রামপাল থানায় এ সংক্রান্ত মামলা দায়ের করে তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (সিকিউরিটি ও প্রশাসন) মো. অলিউল্লাহ।

আটকরা হলেন রামপাল উপজেলার বর্ণী গ্রামের মো. বাচ্চু শেখের ছেলে বাদশা শেখ (২৩), পিরোজপুরের নরখালি গ্রামের মো. নুর আলমের ছেলে রাব্বি ইসলাম (২৪), ফকিরহাটের চিত্রা গ্রামের প্রকাশ চন্দ্র শীলের ছেলে কার্তিক শীল (২৫) ও খাজুরা গ্রামের মো. শামসুল আলমের ছেলে মো. আবুল কারিম (২৭)। এদের মধ্যে কার্তিক শীল ছাড়া বাকিরা বিদ্যুৎকেন্দ্রে বিভিন্ন পদে চাকরি করেন।

এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা প্রথমে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে চোরচক্রের চারজনকে আটক করি। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাব্বির এক আত্মীয়ের বাড়ি থেকে কয়লা পরীক্ষার মেশিন উদ্ধার করা হয়েছে।

এই চুরির সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।