রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে ইউনিয়নের উগারীপাড়া সেগুনবাগান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
রাজস্থলী থানার ওসি জাকির হোসাইন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গতকাল সকালে উগারীপাড়ার সেগুনবাগান এলাকার অজ্ঞাতনামা ব্যক্তির
মরদেহ ইউনিফর্ম পরিধান অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা ওই ব্যক্তির মরদেহ শনাক্ত করতে পারেননি। ধারণা করা হচ্ছে, রাতে তাকে হত্যা করে ফেলে রাখে যায় সন্ত্রাসীরা। নিহত ব্যক্তি স্থানীয় কোনো রাজনৈতিক দলের কর্মী হবেন।
এদিকে গাইন্দ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুচিমং মারমা জানান, আমাকে পাড়ার এক কারবারি বলেছেন, শুক্রবার রাত ৯টার দিকে গোলাগুলি হয়েছিল। গতকাল সকালে কাজে যাওয়ার সময় একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। তার পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি।










