রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০১৯ সালের স্থগিত হওয়া পরীক্ষা ২০ জুন থেকে সশরীরে
নেয়া হবে। তবে এখনই আবাসিক হলগুলো খোলা হচ্ছে না। গতকাল বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান ও ইনস্টিটিউটের পরিচালকদের এক সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. আনন্দ কুমার সাহার সভাপতিত্বে
বেলা ১১টা থেকে প্রায় ৩ ঘণ্টাব্যাপী সভাটি অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আজিজুর রহমান বলেন, শুধু ২০১৯ সালের স্থগিত হওয়া পরীক্ষা নয়, একই সঙ্গে ২০২০ সালের যেকোনো একটি বর্ষের পরীক্ষা ক্লাস শেষ হওয়া সাপেক্ষে আগামী ৪ জুলাই থেকে শুরু করতে পারবে বিভাগগুলো। এক্ষেত্রে বিভাগীয় একাডেমিক কমিটি অগ্রাধিকার ভিত্তিতে কোন বর্ষের পরীক্ষা নেয়া হবে সেটি নির্ধারণ করবে।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফখরুল ইসলাম বণিক বার্তাকে বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয়ের চলতি দায়িত্বে উপাচার্য থাকায় শিক্ষা পরিষদের সভা এখন আয়োজন করা সম্ভব হচ্ছে না, সে কারণে পরবর্তী শিক্ষা পরিষদের সভায় বিষয়টি রিপোর্ট করা হবে সাপেক্ষে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।









