বগুড়ার শাজাহানপুরে
বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।
নিহত দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী, আহত একজন তাদের ছেলে। গতকাল শুক্রবার রাতে লিচুতলা
বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত
হয়েছেন মাদারীপুরের কেরামত হোসেন (৪৮) ও তার স্ত্রী মিনারা রহমান (৩৮), আহত হয়েছেন
তাদের ছেলে মুনতাসির মাহির (১৬) এবং শাজাহানপুর এলাকার আবু হাসান (২৫)। কেরামতের পরিচয়পত্র
দেখে হাইওয়ে পুলিশ ক্যাম্পের এস আই বাবুল মিয়া জানিয়েছেন, তিনি বগুড়া ক্যান্টনমেন্টের
এমইএস ইউনিটে বেসামরিক কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, শুক্রবার রাতে সিএনজি অটোরিকশায় করে বগুড়া থেকে শাজাহানপুরে
যাচ্ছিলেন তারা। পথে লিচুতলা মোড়ে রংপুরগামী একটি বাস তাদের সিএনজিকে ধাক্কা দেয়। এ
সময় ঘটনাস্থলেই মারা যান কেরামত হোসেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে
গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিনারা রহমান।
দুর্ঘটনায়
আহত মাহির ও আবু হাসান বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন
রয়েছেন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, রংপুরগামী আগমনী পরিবহনের একটি বাস সিএনজিটিকে ধাক্কা দেয়। পুলিশ বাসটি আটক করেছে, তবে চালক ও তার সহায়ক পালিয়ে গিয়েছেন।










