গাজীপুরে ৩০০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতকাল গাজীপুর সিটির মোগর খাল এলাকায় অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করায় দুজনকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
গাজীপুর তিতাস গ্যাস অফিসের উপব্যবস্থাপক আসাদুজ্জামান আজাদ জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোগর খাল এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হয়। গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুর রহমানের নেতৃত্বে চলা অভিযানের সময় ওই এলাকার বিভিন্ন বাসাবাড়ির ৩০০টি চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া ছয়টি পয়েন্ট থেকে অবৈধ গ্যাস সংযোগের কাজে ব্যবহৃত প্রায় ৫০০ মিটার পাইপ উত্তোলন করা হয়। অবৈধ সংযোগ ব্যবহার করায় মেহেদী হাসান বাবুকে ৫০ হাজার টাকা এবং বুলবুলি খাতুনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।










