শিশু নিখোঁজের ঘটনা আগেও ছিল। এখন গণমাধ্যমে ফলাও করে প্রচারের বিষয়টিকে ষড়যন্ত্রমূলক বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রমের কর্মসূচিতে এসে এ কথা বলেন আইজিপি।
তিনি আরো বলেন, পুলিশের ভেতরেও ষড়যন্ত্রকারী আছে। তাদের চিহ্নিত করা হয়েছে। সরকারকে বিব্রত করতে সোস্যাল মিডিয়ায় এসব গুজব ছড়ানো হচ্ছে। কী করা যাবে আর কী করা যাবে না—এ বিষয়ে একটা নীতিমালা থাকা প্রয়োজন।
এর আগে সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কমিউনিটি ব্যাংকের উদ্যোগে আয়োজিত ‘আমার শহর, আমার দেশ-পরিচ্ছন্নতায় বদলে যায় বাংলাদেশ’ অনুষ্ঠানে বক্তব্য দেন আইজিপি।
নিম গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন আইজিপি মো. আলী হোসেন ফকির এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।










