চট্টগ্রামের কর্ণফুলী আবাসিক এলাকার দীর্ঘ ৩৩ বছরের পানিসংকট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম পানি সরবরাহ কর্তৃপক্ষ (ওয়াসা) ও কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতির মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। বুধবার (৩০ জুলাই) দুপুরে সিডিএ ভবনের মিলনায়তনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট তিন পক্ষের কর্মকর্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারা বেগম। কর্ণফুলী আবাসিক প্লট মালিক সমিতির পক্ষে স্বাগত বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান।

চুক্তি অনুযায়ী, ভান্ডালজুড়ি প্রকল্পের আওতায় ৫১৯টি প্লটে প্রথম পর্যায়ে ৫০ লাখ লিটার পানি সরবরাহ করা হবে। অর্থ প্রাপ্তির তিন মাসের মধ্যে পানি সংযোগ কার্যক্রম শুরু করা হবে। প্রতিটি প্লট মালিককে ৪০ হাজার টাকা করে সার্ভিস চার্জ দিতে হবে। প্রকল্পের আওতায় পানির পাইপলাইন সম্প্রসারণ, রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান বলেন, এই প্রকল্প শুধু একটি আনুষ্ঠানিক চুক্তি নয়। বরং এর বাস্তবায়নের মাধ্যমে কর্ণফুলী হাউজিংয়ের মানুষ সরাসরি উপকৃত হবেন। নগর পরিকল্পনায় নাগরিক সেবার মানোন্নয়নই আমাদের মূল লক্ষ্য। তিনি আরো বলেন, সময়সীমা মেনে প্রকল্প বাস্তবায়ন হলে নাগরিকরা বহুদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন।

ওয়াসার এমডি মনোয়ারা বেগম বলেন, চট্টগ্রামের মানুষ যেন পানির মতো মৌলিক সেবা থেকে বঞ্চিত না হন, সেটিই আমাদের অগ্রাধিকার। এ প্রকল্পের আওতায় যারা সংযোগ পাবেন, তারা নিয়মিত পানি পাবেন।

অনুষ্ঠানে সিডিএর পক্ষে উপস্থিত ছিলেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম, সচিব রবীন্দ্র চাকমা, প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, স্টেট অফিসার মো. আলমগীর খান ও নির্বাহী প্রকৌশলী মো. ইলিয়াস। ওয়াসার পক্ষে ছিলেন প্রধান প্রকৌশলী মাকসুদ আলম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মাহাবুবুল আলম।

প্লট মালিক কল্যাণ সমিতির পক্ষে উপস্থিত ছিলেন উপদেষ্টা অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, সহসভাপতি গোলাম ওয়ারেস, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, যুগ্ম সম্পাদক সাইফুল হুদা, অর্থ সম্পাদক অ্যাডভোকেট সেলিম চৌধুরী, প্রচার সম্পাদক সাইফুজ্জামান রাফি, অ্যাডভোকেট আশীষ কিরণ দাশ ও অ্যাডভোকেট কে. এম. শান্তনু চৌধুরীসহ অনেকে।