পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু আগামীকাল। প্রথম টেস্ট সামনে রেখে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘রাওয়ালপিন্ডির উইকেট দেখে মনে হচ্ছে, তুলনামূলক পেস সহায়ক ও ব্যাটিংয়ের জন্যও ভালো। পাকিস্তানের স্কোয়াডেও দেখা যাচ্ছে বেশি স্পিনার নেয়নি। বিষয়টা হলো সম্প্রতি আমরাও ভালো ফাস্ট বোলার তৈরি করেছি। কন্ডিশন সাহায্য করলে আমাদের যথেষ্ট ভালো ফাস্ট বোলার আছে।’
রাওয়ালপিন্ডিতে আগামীকাল পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে। এ টেস্ট সামনে রেখে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্তরা। লাহোরে তিনদিন অনুশীলন করার পর রাওয়ালপিন্ডিতেও তিনদিন অনুশীলন করে মাঠের লড়াইয়ে নামছে টাইগাররা।
হাথুরুসিংহে তার দলের তরুণ পেস ব্রিগেড নিয়ে আশাবাদী। এ ব্রিগেডে আছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ ও নাহিদ রানা। এদের নিয়ে কোচ বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। তারা হয়তো খুব বেশি দেখেনি। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের ফাস্ট বোলাররা সহায়ক কন্ডিশনে খুব ভালো করেছে। এটি রাতারাতি হয়নি। প্রায় দুই বছর ধরে আমাদের এই ফাস্ট বোলিং গ্রুপটা একসঙ্গে আছে।’









