মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো উন্নত হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ বুধবার (২২ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও খেলাফত মজলিসের আমির আবদুল বাছিত আজাদসহ দুই দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
নজরুল ইসলাম বলেন, মার্কিন নতুন প্রশাসনের সঙ্গে আমাদের আগের সম্পর্ক অব্যাহত থাকবে। বরং এটি আরো উন্নত হবে। কোনো অবনতি হবে না।
নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন, তা সম্পন্ন করেই নির্বাচন দেয়া উচিত।
আগামী নির্বাচনে বিএনপির সম্ভাব্য জয়ের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে। আমরা জিতলে ঐক্যবদ্ধ আন্দোলনের শরীক দলগুলোকে নিয়ে সরকার গঠন করব।
ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর জোট প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, যাদের মতের মিল আছে, তারা জোট করে একসঙ্গে রাজনীতি করতে পারে। এটি তাদের অধিকার। বিএনপির এ নিয়ে কোনো উদ্বেগ নেই।
তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকার পালিয়েছে। কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনো বাকি। আমরা গণতন্ত্র এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খেলাফত মজলিসের আমির আবদুল বাছিত আজাদ, মহাসচিব আহমদ আবদুল কাদের, নায়েবে আমীর আহমদ আলী কাসেমী, খেলাফত মজলিসের নেতা আমিনুল ইসলাম ফিরোজ উপস্থিত ছিলেন। বৈঠক এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে।










