সম্প্রতি ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতের সঙ্গে যুগ্মভাবে শিরোপা জয়ের পর এবার বয়সভিত্তিক সাফে আরেকটি শিরোপার সম্ভাবনা জাগিয়েছে বাংলাদেশ। নেপালে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে টানা দুই জয় তুলে নিয়ে ফাইনালে পৌঁছে গেল সাইফুল বারী টিটুর‍ দল। স্বাগতিক নেপালকে ২-০ গোলে হারানোর পর গতকাল রাউন্ড রবিন লিগের আরেক ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারায় লাল-সবুজ জার্সিধারীরা। 

গতকালের জয় শেষে ২ ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষে উঠে যায় বাংলাদেশ। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ভারত দুইয়ে ও নেপাল তিনে। দুই ম্যাচেই পরাজিত ভুটানের নামের পাশে শূন্য পয়েন্ট। সোমবার ভুটানকে ৩-০ গোলে হারায় নেপাল। 

আগামীকাল নেপালের মুখোমুখি হবে ভারত, পরদিন বাংলাদেশ খেলবে অপেক্ষাকৃত দুর্বল দল ভুটানের সঙ্গে। বাংলাদেশের ফাইনাল নিশ্চিত। এখন ভারত-নেপাল ম্যাচ থেকে আসরে আরেক ফাইনালিস্ট। ১০ মার্চ ফাইনালের মধ্য দিয়ে শিরোপার মীমাংসা হবে। 

ললিতপুরের এএনএফএ কমপ্লেক্সে অনুষ্ঠিত গতকালের ম্যাচে বাংলাদেশের হয়ে গোল করে আলপি আক্তার, সুরভী আকন্দ প্রীতি ও অর্পিতা বিশ্বাস। ভারতের হয়ে একমাত্র গোলটি করে আনুষ্কা কুমারী। ৯ মিনিটে আলপির গোলে লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটের সময় আনুষ্কার গোলে সমতা আনে ভারত। ৭৮ মিনিটে বাংলাদেশকে ফের এগিয়ে দেয় প্রীতি। ৮৯ মিনিটে অধিনায়ক অর্পিতার গোলে লাল-সবুজদের জয় নিশ্চিত হয়ে যায়। যোগ করা সময়ের খেলায় ভারতীয়রা মুহুর্মুহু আক্রমণে গেলেও গোল আদায় করে নিতে পারেনি। ফলে শেষ হাসি হাসে বাংলাদেশের কিশোরীরা।