ফরিদপুরের সদরপুরে ১৪৪ ধারা জারি করে উপজেলা সদরের এক কিলোমিটার এলাকার মধ্যে কোন প্রকার সভা সমাবেশ বা জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

শনিবার সকাল ৯টা হতে কাল রোববার সকাল ৯টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। 

এদিকে সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সনের সমর্থকরা ১৪৪ ধারা জারিভুক্ত এলাকার বাইরে বিক্ষোভ করেছে। সহিংসতা এড়াতে পর্যাপ্ত পরিমান পুলিশ নিয়োজিত রয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর পক্ষে ও বিপক্ষে দু’টি গ্রুপ আজ শনিবার সকালে ১০টার দিকে পাশাপাশি দু’টি স্থানে সমাবেশ ডাক দেয়ায় স্থানীয় প্রশাসন এ ব্যবস্থা নেয়।

এমপি মুজিবুর রহমান চৌধুরীর পক্ষের নেতা ভাষানচর ইউনিয়নের চেয়ারম্যান সমীর ব্যাপারী জানান, একজন সংসদ সদস্যের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেবে প্রশাসন তা ভাবাও যায় না। আমরা রাজপথে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে চেয়েছিলাম। কিন্তু প্রশাসন ১৪৪ ধারা জারি করায় ওই এলাকার বাইরে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে প্রতিবাদ জানিয়েছি।

অপরদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ’র পক্ষের সমর্থক সায়েদিদ গামাল লিপু জানান, এমপি হলেও তিনি আইনের ঊর্ধ্বে নন। তাই তিনি যে অন্যায় করেছেন সেজন্য তাকে শাস্তি পেতে হবে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এমপি নয়, অপরাধী বিবেচনায় বিচার দাবী করছি। 

সদরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার সত্যতা নিশ্চিত করে বলেন, যেকোন প্রকার অনভিপ্রেত পরিস্থিতি রোধ করতে সদরপুর উপজেলা সদরের এক কিলোমিটার স্থান জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কাউকে এই সীমানার মধ্যে সভা সমাবেশ বা জমায়েত করতে দেয়া হবে না।