দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনা মধ্যযুগীয় কায়দায় আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা বলেছেন ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর। তিনি বলেন, ‘পৃথিবীর যেকোনো জায়গা প্রত্যক পত্রিকার আলাদা আলাদা সম্পাদকীয় নীতি থাকে এবং নিজস্ব চিন্তা ভাবনা থাকে। গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা নিজের মত করে প্রকাশ করতে পারে কি পারে না। কারো সে মতামত পছন্দ হয় না বলে একটি পত্রিকার অফিসের ভিতরে সংবাদকর্মীদের কাজ করার সময় আগুন লাগিয়ে দিয়ে এবং ফায়ার সার্ভিস আসার সুযোগ বন্ধ করে দেয়ার মধ্য দিয়ে খুব পরিষ্কারভাবে এ গোষ্ঠীর লক্ষ্য প্রস্ফুটিত হয়েছে—তারা চেয়েছে মধ্যযুগীয় কায়দায় চারপাশ থেকে আগুন লাগিয়ে যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয়, তাদের পুড়িয়ে হত্যা করা।’

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব) আয়োজিত যৌথ প্রতিবাদ সভার সূচনা বক্তব্যে এসব কথা বলেন নূরুল কবীর। সোমবার ( ২২ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক যৌথ প্রতিবাদ সভা হয়। হামলা ও অগ্নিসংযোগের সময় সংহতি জানাতে ডেইলি স্টার কার্যালয়ের সামনে গেলে সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকেও হেনস্তা করা হয়। সভায় এরও প্রতিবাদ জানানো হয়।

প্রথম আলো, ডেইলি স্টারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের প্রসঙ্গ উল্লেখ করে নিউ এজ সম্পাদক বলেন, ‘এটা পৃথিবীর কোনো সমাজ যদি সহ্য করে, যদি সেটা এগিয়ে যেতে দেয়, তার বিরুদ্ধে যদি মাথা উঁচু করে না দাঁড়ায়—শুধু সংগঠনগুলো ধ্বংস হবে তা নয়, গোটা সমাজব্যবস্থা, সমাজের উন্নতির সমস্ত পথ রুদ্ধ হবে।’

তিনি আরো বলেন, ‘‌বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে নানা সময়ে নানা ভাবে সংগ্রাম করেছে, রক্তপাত হয়েছে, আত্মদান করেছে। শুধুমাত্র একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের জন্য। নিজের সমাজ ও রাষ্ট্রের উন্নত গণতন্ত্রের জন্য নিজের ভাবনা ও চিন্তা সেটা প্রকাশ্যে, নির্বিঘ্নে সবার সঙ্গে প্রকাশ করতে পারবেন। এ ভাবনা এবং চিন্তা সমাজে প্রকাশ করার ক্ষেত্রে সারাবিশ্বের মত বাংলাদেশে গণমাধ্যম প্রতিষ্ঠাগুলো সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করে থাকে এবং তাদের করতে হয়। আমি বরাবর নিজে বিশ্বাস করেছি এবং অন্যদের সঙ্গে মতামত বিনিময় করেছি। যেন বৃহৎ সামাজিক স্বার্থে গণমাধ্যমগুলোর গণতান্ত্রিক স্বাধীনতা রক্ষা করা কেবলমাত্র সংবাদকর্মীদের দায়িত্ব নয়। কেননা সমাজের সকলের, সকল শ্রেণীর আশা আকাঙ্ক্ষা তুলে ধরার জন্য সংবাদমাধ্যমের উপস্থিতি যদি প্রয়োজন হয় তাহলে সে প্রয়োজনে এগুলোকে সুষ্ঠুভাবে বিকশিত হওয়ার এবং সক্রিয় থাকার জন্য সহযোগিতা করা সমাজেরই দায়।’

যৌথ প্রতিবাদ সভা শেষে রাজধানীর কারওয়ান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দল, গণমাধ্যম ও সাংবাদিক সংগঠন, ব্যবসায়ী, আইনজীবী, সাংস্কৃতিক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।