বাংলাদেশে প্রযুক্তি বিনিয়োগ ও কৌশলগত অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে সিলিকন ভ্যালির শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), জ্যেষ্ঠ নির্বাহী ও বিনিয়োগকারীদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছে বাংলাদেশ। গত ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ফোর সিজনস হোটেল সিলিকন ভ্যালিতে ‘টেকনোলজি ইনভেস্টমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনার্সশিপস ফর বাংলাদেশস গ্রোথ’ শীর্ষক সিইও/সিনিয়র এক্সিকিউটিভ রাউন্ডটেবিলের আয়োজন করে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল।
এতে বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের সিইও, জ্যেষ্ঠ নির্বাহী, উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা অংশ নেন।
বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা এ এইচ এম রাশেদ আল মাহমুদ তিতুমীর। প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। বৈঠকে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল কাজী মোহাম্মদ জাবেদ ইকবাল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারাও অংশ নেন।
রাউন্ডটেবিলটি সঞ্চালনা করেন কারম্যাক্সের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চিফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অফিসার শামীম মোহাম্মদ। বৈঠকে উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন রিপ্লিটের প্রতিষ্ঠাতা ও সিইও আমজাদ মাসাদ, জেডস্কেলারের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও সিইও জয় চৌধুরী এবং ইন্টেলের সাবেক চেয়ারম্যান ও মেডট্রনিকের সাবেক চেয়ারম্যান ও সিইও ড. ওমর ইশরাক।
এছাড়া সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, মহাকাশ প্রযুক্তি, ভেঞ্চার ক্যাপিটাল, ডিজিটাল অবকাঠামো ও উন্নত প্রযুক্তি খাতের জ্যেষ্ঠ নির্বাহী, উদ্যোক্তা ও বিনিয়োগকারীরাও এতে অংশ নেন।
এ গোলটেবিল বৈঠকে বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, সেমিকন্ডাক্টর নকশা ও উৎপাদন, ডিজিটাল অবকাঠামো, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, ভেঞ্চার ক্যাপিটাল, স্বাস্থ্যসেবা প্রযুক্তি, পৃথিবী পর্যবেক্ষণ এবং উন্নত উৎপাদন খাতে বাস্তবভিত্তিক সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।










