নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন বামহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত। গতকাল তাকে অধিনায়ক করে ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশের ১৩তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক ঘটবে ২৫ বছর বয়সী শান্তর। তার আগে টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক ও লিটন দাস।
সম্প্রতি ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ মিশনে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে একাধিক ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন শান্ত। নেতৃত্বের অভিষেক অবশ্য বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজেই হয়েছে তার।
সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ২৮ নভেম্বর শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ঢাকার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ৬ ডিসেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট। এ দুটি টেস্ট আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৩-২৫) অংশ এবং এ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম সিরিজ।
টেস্ট দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ২২ বছর বয়সী বামহাতি স্পিনার হাসান মুরাদ। ২০২১ সালে চট্টগ্রাম বিভাগের হয়ে অভিষেকের পর থেকে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ২৫টি ম্যাচে ১২১ উইকেট নিয়েছেন ২২ বছর বয়সী এ বোলার। একই দলের টপ অর্ডার ব্যাটার শাহাদাত হোসেন দিপু ও সাদা বলের নিয়মিত মুখ হাসান মাহমুদ প্রথমবারের মতো জায়গা পেয়েছেন টেস্ট দলে।










