বাগেরহাটের মোংলা বন্দরে পশুর চ্যানেলে সাড়ে ৮০০ টন ক্লিংকার (সিমেন্টের কাঁচামাল) নিয়ে আনমনা-২ নামে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে বন্দরের সিগন্যাল টাওয়ার এলাকায় চরে আটকে জাহাজটির তলা ফেটে এ দুর্ঘটনা ঘটে। এ সময় জাহাজের ১০ নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
জাহাজের মাস্টার মো. এনায়েত হোসেন জানান, বাংলাদেশী পতাকাবাহী মার্চেন্ট শিপ এমভি জাহান ব্রাদার্স থেকে সাড়ে ৮০০ টন ক্লিংকার বোঝাই করে রোববার বিকালে পশুর নদের সিগন্যাল টাওয়ার এলাকায় নোঙর করে জাহাজটি। পরে এ ক্লিংকার নিয়ে খুলনা লবণচোরা এলাকায় রূপসা নদীপাড়ে সুনসিং কোম্পানির সেভেন রিংকস সিমেন্ট ফ্যাক্টরির উদ্দেশে যাচ্ছিল। রাত সাড়ে ৮টায় জাহাজটি টার্নিং করতে গেলে তলা ফেটে ডুবে যায়। এ সময় জাহাজে থাকা নাবিকরা চিৎকার দিলে অন্য জাহাজের নাবিকরা তাদের উদ্ধার করেন। তারা সবাই সুস্থ ও নিরাপদে রয়েছেন। তবে জাহাজের কেবিনে থাকা নাবিকদের মূল্যবান মালপত্র উদ্ধার সম্ভব হয়নি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, মোংলা থানা পুলিশ ও নৌ-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া বন্দরের মুরিং বোট এমভি হীরা নামে একটি জলযানও ওইখানে পৌঁছায়। তবে বন্দরে নৌ-চ্যানেল নিরাপদ রয়েছে। কার্গোটি নদীর মূল চ্যানেল থেকে বাইরে ডুবে যাওয়ায় দেশী-বিদেশী বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো প্রতিবন্ধকতা নেই। কার্গো জাহাজটির মালিক পক্ষকে কার্গোটি দ্রুত উত্তোলনে তাগিদ দেয়া হয়েছে।









