অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক অবস্থা । বিশ্বব্যাপী মন্থর প্রবৃদ্ধি, ঋণের উচ্চ ব্যয় এবং বাণিজ্যিক সংরক্ষণবাদের এ চ্যালেঞ্জিং সময়ে সঠিক ও তথ্যনির্ভর নীতি নির্ধারণই অর্থনীতির মূল চাবিকাঠি।
শনিবার (৩ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইকোনমিক্স বিভাগের সহযোগিতায় এবং জুনিয়র ইকোনমিস্টস ফোরামের (জেইএফ) উদ্যোগে জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় অর্থনীতি বিষয়ক প্রতিযোগিতা ‘ইকনথন ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ২২৪টি দল ‘ইকনথন ২০২৬’-এ নিবন্ধন করে ।
অর্থমন্ত্রী আরো বলেন, নীতি নির্ধারণে বাস্তবসম্মত সমাধান ও তথ্যের সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি।অর্থমন্ত্রণালয়ে আমাদের প্রতিনিয়ত এরকম অপ্রত্যাশার মুখোমুখি হতে হয়, যেখানে সীমিত তথ্যের ওপর ভিত্তি করে সঠিক সিদ্ধান্ত নিতে হয়।
কুইজ, কেস সলভিং ও পলিসি মেকিং ভিত্তিক এ প্রতিযোগিতার কঠিন ধাপগুলো পেরিয়ে চূড়ান্ত পর্বে পৌঁছানো শিক্ষার্থীদের প্রশংসা করেন মন্ত্রী।
এছাড়া, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, জ্বালানির দাম, বৈদেশিক মুদ্রার চাপ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় যে চাপ তৈরি করেছে, তা কাটিয়ে উঠতে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং কর ব্যবস্থার আধুনিকায়ন প্রয়োজন। জনগণের করের প্রতিটি টাকার স্বচ্ছতা ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দক্ষতা ছাড়া কোনো জাতি এগোতে পারে না এবং সততা ও মানবিকতা ছাড়া সেই দক্ষতা সমাজকে সঠিক পথ দেখাতে পারে না। অর্থনীতি শুধু পরীক্ষা পাসের জন্য নয়, একে অনুধাবন করতে হবে এবং দেশের সেবায় নীতি ও সততার সঙ্গে কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা জনাব হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং ইউনাইটেড গ্রুপের উপদেষ্টা জনাব কে. এম. এ. শামীম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবুল কাশেম মিয়া। অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।










