বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মৃত্যু কমছে না। প্রতিদিনই মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। সরকারি হিসাবমতে বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ছয়জন এবং করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ১৮ জনসহ মোট ২৪ জনের মৃত্যু হয়েছে। বগুড়ায় এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২১।
গতকাল সকালে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, বগুড়া স্বাস্থ্য বিভাগ এখন থেকে শুধু বগুড়া জেলার বাসিন্দাদের মধ্য থেকে করোনায় মৃতদের হিসাব সংরক্ষণ করছে। গত ২৪ ঘণ্টায় জেলায় দুটি পিসিআর ল্যাবে ৩৪৫টি নমুনায় নতুন করে আরো ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন ১৩৬ জন সুস্থ হয়েছে।
জেলার তিনটি হাসপাতালে রোগী ভর্তি আছে ৫৫১ জন। করোনায় বগুড়া শজিমেকে মারা যাওয়া ব্যক্তিরা হলেন দুপচাঁচিয়ার শিশির চন্দ্র (৭০), বগুড়া
সদরের সরদার রহমতুল্লাহ (৮৩) ও শেরপুরের জাহানারা (৭৩)। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে মারা যাওয়া ব্যক্তিরা হলেন গাবতলীর সামেদ আলী (৯৫), শেরপুরের
চাঁন মিয়া (৪৫) ও বগুড়া সদরের সেলিনা (৬৯)। এছাড়া উপসর্গ নিয়ে বগুড়ার তিনটি হাসপাতালে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে।










