দেশে দুধ ও দুগ্ধজাত পণ্যের চাহিদা পূরণে উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানোর ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, ভবিষ্যতে বিদেশে রফতানির সক্ষমতা অর্জনের লক্ষ্যেও দুধ উৎপাদনের পরিধি বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার।
আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এ বছরের প্রতিপাদ্য ছিল, ‘দুগ্ধ উৎপাদনে নারী খামারি: উন্নয়নের অগ্রযাত্রা’।
প্রতিমন্ত্রী বলেন, নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়লে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরো ত্বরান্বিত হবে। নারীরা শক্তিশালী হলে দেশের অর্থনীতিও আরো শক্তিশালী হবে। দুগ্ধ খামারসহ বিভিন্ন খাতে নারীদের সক্রিয় অংশগ্রহণ বর্তমান সমাজের জন্য আশাব্যঞ্জক বলে তিনি উল্লেখ করেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দুগ্ধ খাতে নারীদের অংশগ্রহণ শুধু প্রশংসার দাবিদার নয়, তাদের দক্ষতা বাড়াতে আরো প্রশিক্ষণ ও সহযোগিতা নিশ্চিত করতে হবে। খামারিদের প্রয়োজন অনুযায়ী সরকারি সহায়তা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, একজন উদ্যোক্তা সফল হলে দেশের অর্থনীতিও উপকৃত হয়।
এর আগে প্রতিমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মধ্যে দুধ বিতরণ করেন। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে শুরু হয়ে খামারবাড়ি মোড় ঘুরে কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এ সময় ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে প্রাণিসম্পদ ভবনের সামনে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে দুধ বিতরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি ডা. আব্দুর রহিম এবং মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদ।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমাম উদ্দীন কবীর। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিদপ্তরের পরিচালক ডা. মো. বয়জার রহমান। স্বাগত বক্তব্য দেন পরিচালক ডা. বেগম শামছুননাহার আহম্মদ।









