রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গতকাল ‘ইলেকশনস ডায়ালগ: ইওর পার্টি ভোটার কোয়েশ্চেনস’ শীর্ষক সংলাপের আয়োজন করে দ্য ডেইলি স্টার। এ সংলাপে প্যানেল আলোচক ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য মুজাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সঞ্চালনা করেন ডেইলি স্টারের উপদেষ্টা সম্পাদক কামাল আহমেদ
গণ-অভ্যুত্থানের শিক্ষা নিতে না পারলে আবার ফ্যাসিবাদের আবির্ভাব ঘটবে। নির্বাচন বিলম্ব বা ভণ্ডুল করার রাজনৈতিক অপচেষ্টা চলছে। সম্প্রতি ডেইলি স্টার, প্রথম আলো, উদীচী ও ছায়ানটের ওপর চালানো হামলা কোনো স্বাভাবিক ঘটনা নয়; বরং এটি সুপরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচন পিছিয়ে দেয়া বা হতে না দেয়ার একটি লক্ষ্য নিয়েই এসব ঘটনা ঘটানো হচ্ছে।
সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশবাসী একটি নতুন ইতিহাস রচনার আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। সেই অভ্যুত্থানের দুটি প্রধান দাবি ছিল—ভোটাধিকার ফিরিয়ে দেয়া এবং বৈষম্যের অবসান। কিন্তু এ ধরনের ঘটনা রুখে দাঁড়ানো না গেলে অনির্বাচিত সরকার থেকে সুবিধাভোগী শক্তিগুলো নতুন রূপে আবারো দেশ শাসনের চেষ্টা করবে।
নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও শুধু নির্বাচনেই সব সমস্যার সমাধান হবে—এমন ভাবনা ভুল। দেশের বর্তমান পরিস্থিতি গভীরভাবে বোঝার প্রয়োজন আছে। এক কথায় বললে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিবো কোথায়—এ অবস্থায় দেশ।
মুক্তিযুদ্ধের সময় মুক্ত এলাকায় নারী নির্যাতন ছিল না, সেখানে জনগণের শক্তি ও বুদ্ধির ভিত্তিতে ইনসাফ ও ভালোবাসার সমাজ গড়ে উঠেছিল। কিন্তু ৫৪ বছর পরও স্বাধীন দেশে তা বাস্তবায়িত হয়নি। এখন সবচেয়ে জরুরি হলো সেই স্বপ্ন বাস্তবায়নের প্রতিশ্রুতি নতুন করে নেয়া। ইতিহাস ও ধারাবাহিকতা থেকে শিক্ষা না নিলে কেবল ‘উইল পাওয়ার’ দিয়ে সবকিছু করা সম্ভব নয়। গণ-অভ্যুত্থানকে স্বতঃস্ফূর্ত বলা হচ্ছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনগণের ক্ষমতায়ন। এজন্য প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ জরুরি। পরিকল্পনা নিচ থেকে উপরে উঠে আসতে হবে—ইউনিয়ন ও গ্রাম পর্যায় থেকে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পাশাপাশি নির্বাচনে অর্থের প্রভাব বন্ধ করতে হবে। অর্থনীতি যদি লুটপাটের হয়, রাজনীতিও লুটপাটের হবে। ঘুস ও দুর্নীতির সংস্কৃতি বন্ধ করা জরুরি।
পুঁজিবাদী বাংলাদেশ গড়ার জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি। সমাজতন্ত্রের লক্ষ্য নিয়েই নতুন বাংলাদেশ গড়ার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই লক্ষ্য নিয়েই নির্বাচনে জনগণের কাছে যাওয়ার অঙ্গীকার করছি।
মুজাহিদুল ইসলাম সেলিম, প্রেসিডিয়াম মেম্বার, সিপিবি।










