নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আদালতের স্বাধীনতা বা অধিক্ষেত্র সম্পর্কে মন্তব্য করার সুযোগ ইসির নেই। তবে আদালতের রায়ে ইসির ক্ষমতা খর্ব হচ্ছে কি না তা নিয়ে প্রশ্নের জায়গা রয়ে গেছে। সীমানা নিয়ে আদালতের রায়গুলো কমিশনের ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করছে।
আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণার আগে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, সীমানা নিয়ে মামলা করা যায় না। এটা নির্ভর করে যিনি নিবন্ধন করছেন তার ওপর। আদালতের অধিক্ষেত্র সম্পর্কে বলার এখতিয়ার আমার নেই। আদালত যদি কগনিজেন্স নিয়ে থাকেন, সেটা নিশ্চয়ই আদালতেই বলা হয়েছে। তারপরও যদি আদালত সেটা বিবেচনায় না নেন, সেক্ষেত্রে আমাদের কিছু বলার থাকে না।
ফরিদপুর-৪ আসনের সীমানা নিয়ে হাইকোর্টের আজকের রায় ইসির ক্ষমতাকে খর্ব করছে কিনা এমন প্রশ্নের জবাবে সচিব সাংবাদিকদের বলেন, আপনি যদি বলেন, তাহলে এক অর্থে এটা প্রশ্নবিদ্ধ অবস্থানে আছে। খর্ব আর প্রশ্নবিদ্ধ—এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। খর্ব মানে বাতিল, আর প্রশ্নবিদ্ধ মানে হচ্ছে চ্যালেঞ্জযোগ্য।










