প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনে দেশের রাজনৈতিক শূন্যতা পূরণ হবে।

বড়দিন উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে পবিত্র জপমালা রাণী গির্জায় খ্রিষ্টধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান শফিকুল আলম। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, আমরা তাকে (তারেক রহমান) স্বাগত জানাই। উনি বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা এবং আমি বলব তার দেশে ফেরা একটা ইতিবাচক প্রভাব ফেলবে। বাংলাদেশে তো সত্যিকার অর্থে কিছু রাজনৈতিক শূন্যতা আছে। উনি আসলে সেটা পূরণ হবে।

তিনি আরো বলেন, সামনে একটা বড় ইলেকশন, আমরা একটা ডেমোক্র্যাটিক ট্রানজিশনে (গণতান্ত্রিক উত্তরণে) আছি। আশা করছি, এতে আমাদের ট্রানজিশনটা আরো স্মুথ হবে।

তারেক রহমানের নিরাপত্তা নিয়ে শফিকুল আলম বলেন, তার নিরাপত্তা তো তার পার্টি দেখছে। তারা আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চাচ্ছেন, আমরা করছি।