ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একজন শুটার রয়েছে বলে পুলিশ জানালেও হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে এখনো তারা নিশ্চিত নন। গতকাল ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে শুটার জিনাত, হত্যাকাণ্ডের মূল সমন্বয়কারী বিল্লাল হোসেন রয়েছেন। গ্রেফতার আব্দুল কাদির আসামিদের পালাতে সহায়তা করেন। আর রিয়াজ ঘটনাস্থল রেকি করেছিলেন। মুসাব্বির হত্যার পেছনে প্রাথমিকভাবে ব্যবসায়িক বিরোধ থাকার ধারণা করলেও কারওয়ান বাজার এলাকার চাঁদাবাজি ও রাজনৈতিক কারণগুলোও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই ডিবির বেশ কয়েকটি টিম আসামিদের শনাক্ত, গ্রেফতার ও মোটিভ জানতে কাজ শুরু করে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, ঘটনার সময় আশপাশের ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য-উপাত্ত সংগ্রহ করে আমরা আসামিদের শনাক্ত করতে সক্ষম হই। এর ধারাবাহিকতায় ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, ভৈরব, কিশোরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।’

তদন্তে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে শফিকুল ইসলাম আরো বলেন, ‘তাদের কাছ থেকে হত্যকাণ্ডে ব্যবহৃত একটি নম্বরপ্লেটবিহীন বাইক ও নগদ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে তারা। হত্যাকাণ্ডের মোটিভ পরবর্তী তদন্তে নিশ্চিত হওয়া যাবে। সবকিছুই জানা যাবে। এটা একটা আলোচিত ঘটনা ছিল। প্রাথমিক অবস্থায় আমরা হত্যাকারীদের শনাক্ত করা এবং তাদের গ্রেফতারে কাজ করেছি। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রগুলো এখনো উদ্ধার করতে পারিনি। আমরা এটা তদন্ত করছি। এর অবশ্যই মোটিভ আছে বা এর নেপথ্যে যদি কেউ থাকে, তাদেরও খুঁজে বের করব।’

তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, মোসাব্বির হত্যার পরিকল্পনা হয় সাড়ে চার মাস আগে। পরিকল্পনা অনুযায়ী বিদেশ থেকে পাঠানো হয় ১৫ লাখ টাকা। কারওয়ান বাজারের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে তাকে হত্যা করা হয়েছে।