ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত বলে তিনি জানিয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নির্বাচন কমিশনাররা। এ সময় তারা নির্বাচন আয়োজনের অগ্রগতি সরকারপ্রধানকে অবহিত করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এর আগে গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দশম কমিশন সভা অনুষ্ঠিত হয়। সেখানে নেয়া হয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এবারের নির্বাচনে ভোট গ্রহণের সময় বাড়ছে ১ ঘণ্টা। সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হয়ে চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। এছাড়া নির্বাচনী দায়িত্বে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের না রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এবার মূলত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সরকারি প্রতিষ্ঠান এবং সরকারি ব্যাংকের কর্মকর্তারা প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব সামলাবেন।

সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান। আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার তারিখ চূড়ান্ত করা এবং সার্বিক প্রস্তুতি পর্যালোচনার জন্যই সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে ঘোষণা করা হবে। এ উপলক্ষে বিটিভির মাধ্যমে জাতির উদ্দেশে সিইসির ভাষণ রেকর্ড করা হবে। আমরা বাংলাদেশ বেতার ও বিটিভিকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ডের জন্য সোমবার (আজ) চিঠি দেব। তবে তফসিল-পূর্ব কার্যক্রমের মধ্যে আমাদের কতগুলো রীতিগত কাজ আছে। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করব পুরো কমিশন।’

মো. সানাউল্লাহ আরো বলেন, ‘তফসিল-পূর্ব যে কার্যক্রমগুলো এরই মধ্যে সম্পন্ন হয়েছে, সেগুলোর স্টেপ নেয়া হয়েছে। যেমন সংলাপ, আইন, বিধির সংস্কার এবং গত সপ্তাহে যে সংস্কার সম্পন্ন হয়েছে, আজ বা কালকের মধ্যে সেগুলো আমরা হাতে পেয়ে যাব। ভোটার তালিকা চূড়ান্ত হয়েছে। প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার স্টকে নিয়েছি। সিদ্ধান্ত নিয়েছি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সরকারি প্রতিষ্ঠান ও সরকারি ব্যাংকের কর্মকর্তাদের এ তালিকায় সংযুক্ত করব। বেসরকারি যে ব্যাংকগুলো আছে, সেগুলো আপাতত বিবেচনায় নিচ্ছি না। তারা (বেসরকারি ব্যাংকের কর্মকর্তা) রিজার্ভে থাকবে।’

ভোটের আগের রাতে নির্বাচনী সামগ্রী পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করে এ নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনী সামগ্রী আগের মতো আগের রাতেই সব কেন্দ্রে পৌঁছে যাবে, ব্যালট পেপারসহ। যেহেতু আমাদের দুটো নির্বাচন একসঙ্গে করতে হচ্ছে। ম্যানেজমেন্ট নিয়ে আমরা একটা মক ভোটিং করেছিলাম। সেটার অভিজ্ঞতা, প্লাস মাঠপর্যায়ে যারা এর আগে ভোট অনুষ্ঠান করেছেন, তাদের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘যেসব কক্ষে স্থান সংকুলান হবে, সেসব কক্ষে একাধিক মার্কিং প্লেস অর্থাৎ সিক্রেট বুথ, যেখানে ভোটার ছাপ দেন, সেই সিক্রেট বুথ স্থাপন করা হবে। যেখানে সিক্রেট বুথ আর বাড়ানোর জায়গা নেই, সেখানে প্রয়োজনে একটা আলাদা বুথই করতে হবে।’

গণভোট প্রসঙ্গে মো. সানাউল্লাহ বলেন, ‘গণভোট-সংক্রান্ত প্রচার-প্রচারণা, যেটার সঙ্গে সরকার একটা ব্যাপক প্রোগ্রাম হাতে নিচ্ছে, এতে নির্বাচন কমিশন সহযোগিতা করবে। গণভোটের প্রশ্নটা যেন সহজে ভোটাররা কেন্দ্রে প্রবেশের আগেই জেনে যান, এজন্য প্রত্যেকটা কেন্দ্রে এ ব্যালট বড় আকারে ছাপিয়ে ভোটের লাইনের সামনে ঝোলানো থাকবে।’

সারা দেশ পোস্টারে ছেয়ে গেছে, এ বিষয়ে ইসি কী পদক্ষেপ নিচ্ছে—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ বলেন, ‘যেদিন তফসিল ঘোষণা করব, সেদিন থেকে আমাদের কার্যকরী ভূমিকা দেখতে পাবেন। তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করেন। সবকিছু সরানোর জন্য আমরা ৪৮ ঘণ্টা সময় দেব রাজনৈতিক দলগুলোকে। তারপর যদি না সরায়, আচরণবিধির আওতায় যা যা করা দরকার তা-ই করা হবে।’

এদিকে প্রথমবারের মতো বিচারিক ক্ষমতা পেতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম প্রতিরোধে গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটি। ইসি সভায় উপস্থিত থাকা একাধিক দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে জানা গেছে, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধানমতে বিচার বিভাগের কর্মকর্তাদের দিয়ে দেশের প্রতিটি নির্বাচনী এলাকায় একটি করে মোট ৩০০টি অনুসন্ধান কমিটি গঠন করা হবে। নির্বাচনে কোনো প্রার্থী এবং তার কর্মী-সমর্থক নির্বাচনী আচরণবিধি ভাঙলে এবং অপরাধ স্বীকার করলে সংক্ষিপ্ত ট্রায়ালের মাধ্যমে ওই কমিটি তাদেরকে প্রদত্ত ক্ষমতাবলে শাস্তি বা ক্ষেত্রবিশেষে জেল-জরিমানা দিতে পারবে।

একই সঙ্গে তফসিল ঘোষণার পর প্রথম দিকে সীমিতসংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে। ভোটের আগে এ সংখ্যা আরো বাড়ানো হবে। প্রতিটি উপজেলার জন্য দুজন, প্রতি নয়টি ওয়ার্ডের জন্য দুজন, ঢাকা উত্তর-দক্ষিণ সিটির জন্য ১৫ জন ও চট্টগ্রাম সিটির জন্য ১০ জন করে ম্যাজিস্ট্রেট রাখা হবে; যারা নির্বাচনী এলাকায় ঘুরে ঘুরে প্রার্থী বা তাদের কর্মী-সমর্থকদের আচরণবিধি তদারক করবেন।

এদিকে নির্বাচন আয়োজনের অগ্রগতির বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানাতে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা যমুনায় যান। সরকারপ্রধানকে সিইসি এএমএম নাসির উদ্দিন জানান, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগোচ্ছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত।

প্রস্তুতিকালে ইসিকে পূর্ণ সহযোগিতা দেয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সিইসি ও অন্য নির্বাচন কমিশনাররা। নির্বাচনের প্রস্তুতিকালে সর্বাত্মক সহযোগিতা করায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদেরও ধন্যবাদ জানান তারা। সিইসি নাসির উদ্দিন বলেন, ‘এরই মধ্যে নাগরিকরা নির্বাচনী কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করেছেন, যা দেশে নির্বাচনী আমেজ সৃষ্টি করেছে।’

ইসির প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার। জাতির জন্য প্রতীক্ষিত এ নির্বাচনে আপনারা (ইসি) চালকের আসনে আছেন। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতেই হবে।’

প্রধান উপদেষ্টা আরো বলেন, ‘জাতিকে একটি সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে আমরা ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেয়ার প্রত্যয়ে এগিয়ে চলছি।’

বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ও নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। অন্যদিকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।