গ্যাস বিতরণ কোম্পানির আওতায় গ্যাসের চাপ, তাপমাত্রা ও পরিমাণ নির্ণয় করতে পেট্রোবাংলা ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির মধ্যে চুক্তি সই হয়েছে। এ চুক্তির মাধ্যমে বিতরণ কোম্পানির আওতায় আরএমএস কক্ষে অবৈধ প্রবেশরোধ, পালস মিসিং সমস্যার সমাধান, অতিরিক্ত লোড ব্যবহারসহ বিলিং সিস্টেম অটোমেশন সহজ করা হবে।
সোমবার (২২ ডিসেম্বর) পেট্রোবাংলার বোর্ড রুমে দুটি কোম্পানির মধ্যে এ চুক্তি সই হয়। চুক্তিতে পেট্রোবাংলার পক্ষে সই করেন সংস্থাটির সচিব মো. আমজাদ হোসেন এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের (বিএমটিএফ) পক্ষে লেফটেন্যান্ট কর্নেল এ এস এম ফখরুল ইসলাম চৌধুরী। ‘ডিজাইনিং ডেভেলপমেন্ট ইমপ্লিমেন্টেশন, কমিশনিং অ্যান্ড মেইনটেনেন্স অফ জিপিএস লোকেশন বেইজড গ্যাস মিটারস অ্যান্ড মিটারিং স্টেশন মনিটরিং ম্যানেজমেন্ট সিস্টেম’ শীর্ষক এ চুক্তি সই হয়।
পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তিবদ্ধ প্রকল্প ডিজিটাল পদ্ধতিতে বাস্তবায়ন হলে গ্যাস বিতরণ কোম্পানি অধীনে শিল্প প্রতিষ্ঠানগুলোতে ব্যবহৃত গ্যাসের চাপ, তাপমাত্রা ও পরিমাণ, আরএমএস কক্ষে অবৈধ প্রবেশ রোধ, পালস মিসিং সমস্যার সমাধান, অতিরিক্তি লোড ব্যবহার রোধসহ এআই/এলএলএম প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরবর্তীতে বিলিং সিস্টেম অটোমেশন সহজতর হবে এবং এলাকা ভিত্তিক গ্যাস সরবরাহ ও শ্রেণী ভিত্তিক ব্যবহার পরিমাপ করা সম্ভব হবে।
চুক্তি সই অনুষ্ঠানে পেট্রোবাংলা’র চেয়ারম্যান জনাব মো. রেজানুর রহমান এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ) এর ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মো. নাহিদ আসগর উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পেট্রোবাংলার পরিচালক, বিএমটিএফের ঊর্ধ্বতন কর্মকর্তা, টিজিটিডিপিএলসির ব্যবস্থাপনা পরিচালকসহ পেট্রোবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










