চাঁদপুরে বিশেষ অভিযান চালিয়ে গতকাল দেশীয় ও ধারালো অস্ত্র জব্দ করেছে কোস্ট গার্ড। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানান।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সোমবার দিবাগত রাতে চাঁদপুরের উত্তর মতলব থানার মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর সেখানে একটি বিশেষ অভিযান চালালে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।
তবে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দু’টি রামদা ও দু’টি চাইনিজ কুড়াল জব্দ করা হয়েছে।
জব্দ অস্ত্রের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।










