দেশে কৃষি জমি দিন দিন কমে যাচ্ছে, অন্যদিকে বাড়ছে জনসংখ্যা। এই পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে একই জমিতে বারবার চাষ করার প্রযুক্তি গ্রহণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মাল্টিমোড গ্রুপের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
আজ সোমবার (৫ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বণিক বার্তা আয়োজিত ‘কৃষি, খাদ্য নিরাপত্তা ও প্রাণ-প্রকৃতি সম্মেলন ২০২৫’ এর দ্বিতীয় অধিবেশনে এসব কথা বলেন তিনি। অধিবেশনটির শিরোনাম ছিল ‘কৃষি উৎপাদন ও প্রাণ-প্রকৃতি’।
আবদুল আউয়াল মিন্টু বলেন, নগরায়ন ও শিল্পায়ন বাড়ছে, যার প্রভাব পড়ছে কৃষি জমির ওপর। একই সঙ্গে বাড়ছে দেশের জনসংখ্যা। মানুষের জীবনমান উন্নত হওয়ার সঙ্গে খাদ্যাভ্যাসও পরিবর্তন হচ্ছে। সেই অনুযায়ী কোন খাদ্য কতটুকু উৎপাদন করতে হবে তা নির্ধারণ করাও জরুরি।
তিনি বলেন, মানুষের জীবন ও অস্তিত্বের জন্য খাদ্য নিরাপত্তা প্রয়োজন। কৃষি ও প্রাণ-প্রকৃতি একে অন্যের সঙ্গে জড়িত ও পরিপূরক। তাই খাদ্য উৎপাদন বাড়ানো ও প্রকৃতি রক্ষা—দুই দিকেই গুরুত্ব দিতে হবে।
সম্মেলনের এ অধিবেশন সঞ্চালনা করেন বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ। প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আবদুল আউয়াল মিন্টু বলেন, অনেক বছর ধরেই আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার কথা শুনে আসছি। কিন্তু বাস্তবে এখনো চাল, গম, ভুট্টা আমদানি করছি। আমাদের কৃষি নীতির কেন্দ্রবিন্দুতে এখনো চালই রয়েছে।
তিনি আরো বলেন, শুধু জমির সমস্যা নয়, কৃষি খাতে পানি ও খনিজ সম্পদের সংকটও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাই এসব বিষয় মাথায় রেখেই কৃষি নীতিতে পরিবর্তন আনতে হবে।










