মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জাতি, ধর্ম এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সব মানুষের পাশে আছে সরকার। দেশে বর্তমানে ৪০ লাখ নিবন্ধিত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ রয়েছে।

আজ রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে 'দি দাউদি বোহরাস অব বাংলাদেশ' এর উদ্যোগে নবনির্মিত 'প্রজেক্ট রাইজ ওয়ার্ড ফর চাইল্ড হেলথ কেয়ার' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মাখদুমা নার্গিস।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী একটি অন্তর্ভুক্তিমূলক, সহানুভূতিশীল এবং মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে কেউ নিজেকে অনাদৃত, বঞ্চিত কিংবা অসহায় মনে করবেনা। এরই মধ্যেই সরকারের গৃহীত বিভিন্ন মানবিক উদ্যোগ জনমনে সাড়া ফেলেছে।

তিনি আরো বলেন, সমাজে বসবাসরত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিভিন্ন থেরাপি ও চিকিৎসা প্রদান করলে তারা সুস্থ হয়ে সমাজের মূল ধারায় মিশে যেতে পারে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি তিনি সমাজের বিত্তবানদেরকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরো বলেন, সমাজ সেবামূলক প্রতিষ্ঠানগুলো অনুদান দিলে ট্যাক্স রিবেট পাওয়া যায়, তিনি সবাইকে এ সুযোগ গ্রহণ করারও আহ্বান জানান। এ সময় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ এবং দি দাউদি বোহরাস অব বাংলাদেশের মানবিক উদ্যোগের প্রশংসা করেন মন্ত্রী।

অনুষ্ঠানে দি দাউদি বোহরাস অব বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামের প্রতিনিধি এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।