গাজীপুরে ২০০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতকাল সিটি করপোরেশনের সালনায় অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ সংযোগ ব্যবহারের দায়ে আটজনকে ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
গাজীপুর তিতাস গ্যাস অফিসের উপব্যবস্থাপক আসাদুজ্জামান আজাদ জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত সালনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুন্নাহার রীতার নেতৃত্বে বিভিন্ন বাসাবাড়ির ২০০টি চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ গ্যাস সংযোগকাজে ব্যবহৃত পাইপ উত্তোলন করা হয়। এ সময় আটজনকে জরিমানা করা হয় এবং সেটা তাৎক্ষণিক আদায় করা হয়।










