বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। একই সঙ্গে ভারি হচ্ছে মৃত্যুর মিছিলও। সর্বশেষ শুক্রবার থেকে গতকাল পর্যন্ত হাসপাতালে আইসোলেশনের থাকা সাতজনের মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের সর্বশেষ রিপোর্টে করোনা শনাক্তের হার ৫৪ দশমিক ৭৩ শতাংশ। ১৯০ জনের পরীক্ষায় ১০৪ জনেরই নমুনা পজিটিভ আসে। শুক্রবার প্রকাশিত রিপোর্টে শনাক্তের হার ছিল ৫৩ শতাংশ। বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ৫৩ দশমিক ৩৬ শতাংশ।
হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসোলেশনে গতকাল বেলা ২টা পর্যন্ত চিকিৎসাধীন ছিল ১৮৫ জন রোগী। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে শয্যা সংখ্যা ২০০। নতুন ১০টিসহ আইসিইউ শয্যা রয়েছে ২২টি। এর মধ্যে ২১টিতে চিকিৎসাধীন রয়েছে গুরুতর অসুস্থ রোগীরা। সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম আছে ২০০টি শয্যায়। হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা চালু আছে ২২টি। আরো ২২টি ন্যাজাল ক্যানুলা সংযোজনের কাজ চলছে। হাসপাতালে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন ধারণক্ষমতা ৪০ হাজার লিটার। হাসপাতালের পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।










