বিশ্বকাপের পর প্রথম টেস্ট ম্যাচ মাঠে গড়াচ্ছে আজ। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দুই টেস্ট সিরিজের প্রথমটি খেলতে নামছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। চলতি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে এটা দুই দলেরই প্রথম ম্যাচ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে।

আট মাস পর টেস্ট খেলতে নামছে নিউজিল্যান্ড, বাংলাদেশ খেলবে পাঁচ মাস পর। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ ও প্রথম সিরিজের বলে দুই দলই পয়েন্ট পেতে মরিয়া। বাংলাদেশ দলনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো করতে হলে হোম ম্যাচগুলো জিততে হবে। সেই লক্ষ্য নিয়েই সিলেটে খেলতে নামবে স্বাগতিক দল। 

নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে বাংলাদেশ পড়ছে অগ্নিপরীক্ষার মুখে। পিঠের চোটের কারণে তামিম ইকবাল আগে থেকেই নেই। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বকাপের সময় আঙুলে চোট পান, যা থেকে এখন সেরে উঠছেন। পাশাপাশি তিনি ভোটের মাঠে নামছেন। মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগ থেকে। তাকে এই সিরিজে পাচ্ছে না বাংলাদেশ। লিটন দাস ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন। তাই এই সিরিজে নেতৃত্ব পেয়েছেন শান্ত। বাংলাদেশের ১৩তম ক্রিকেটার হিসেবে আজ টেস্টে টস করতে নামছেন তিনি। 

সাকিব, তামিম, লিটনের পাশাপাশি বোলিং ব্রিগেডে তাসকিন আহমেদ, এবাদত হোসেনও নেই। তবু আত্মবিশ্বাসী নতুন অধিনায়ক শান্ত। তার বিশ্বাস, ঘরের মাঠে যেকোনো দলকে টেস্টে হারাতে যা দরকার, তা বাংলাদেশ দলের আছে। 

গতকাল সিলেটে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘নিউজিল্যান্ড খুবই ভালো দল। টেস্টে অনেক চ্যালেঞ্জিং ও শক্তিশালী। যেহেতু দেশের মাটিতে খেলা, স্পিন-শক্তি বা ব্যাটিং চিন্তা করলে আমরা অবশ্যই ভালো দল। পরিকল্পনা কাজে লাগালে এ দলকে হারানো সম্ভব। আমাদের যে বোলিং আক্রমণ আছে, আমরা দেশে জেতার মতো দল। ধীরে ধীরে সেই অভ্যাসও তৈরি করা দরকার।’