স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ, বিজিবি, র‍্যাব ও অন্য গোয়েন্দা সংস্থা নিবিড় ও সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। এ হত্যাকাণ্ডে দায়ের করা মামলার তদন্তে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হাদি হত্যাকাণ্ডের ঘটনায় এ যাবৎ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং ৪ জন সাক্ষীও সাক্ষ্য দিয়েছে।

উপদেষ্টা বলেন, গ্রেফতারদের কাছ থেকে পাওয়া তথ্য, সাক্ষীদের জবানবন্দি, উদ্ধার হওয়া আলামত পর্যালোচনা ও সার্বিক বিবেচনায় মামলাটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তিনি আগামী ১০ দিনের মধ্যে এ মামলার চার্জশিট দেয়া সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো জানান, এরই মধ্যে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে ওত পেতে থাকা ফ্যাসিস্টের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের বিষয়ে দলগুলোকে সচেতন থাকার অনুরোধ করছি। বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী ভালোভাবে না জেনে ফ্যাসিস্টের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের তাদের দলে স্থান দিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।

তিনি এ বিষয়ে রাজনৈতিক দলের নেতাদের সচেতন থাকার অনুরোধ জানিয়ে বলেন, দলের ভেতরে আড়ি পেতে থাকা সুযোগসন্ধানী, সুবিধাবাদী ও খোলস পাল্টানো দুষ্কৃতকারীদের চিহ্নিত করুন এবং এদের থেকে দূরে থাকুন। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন। এর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম উপস্থিত ছিলেন।