হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব জন্মাষ্টমী ও সাপ্তাহিক ছুটির কারণে টানা দুই দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থল বন্দর চালু হয়েছে। আজ শনিবার বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে।
স্থল বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় এ দিন কাস্টমসের সকল বিভাগ বন্ধ ছিল। তাই ভারত-বাংলাদেশের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। সেই সঙ্গে ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস, বাংলা ট্রাকে পণ্য ভর্তি, পণ্য ডেলিভারি দেয়াসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল।
ছুটি শেষে আজ শনিবার সকাল পৌনে ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে পুনরায় আমদানি- রফতানিসহ বন্দরের সকল কার্যক্রম শুরু হয়েছে।










