দেশে অর্থপাচার ও সন্ত্রাসী কার্যে অর্থায়নের ঝুঁকি নিরূপণের পাশাপাশি এ সংক্রান্ত ঝুঁকি মোকাবেলায় সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৭-২০৩০ মেয়াদের জন্য ‘৪র্থ জাতীয় কৌশলপত্র’ প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্য অর্জনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

রোববার (৯ আগষ্ট) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তাকে এবং সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে বিএফআইইউ-এর একজন নির্বাহী পরিচালককে। কমিটিতে সদস্য হিসেবে থাকছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাংলাদেশ পুলিশের একজন করে উপযুক্ত প্রতিনিধি।

প্রজ্ঞাপন জারির পর ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রতিনিধি মনোনয়নের জন্য অনুরোধ জানিয়ে অনুলিপি পাঠানো হয়েছে। কমিটি আগামী ২০২৭ থেকে ২০৩০ সালের জন্য কৌশলপত্রের রূপরেখা ও খসড়া প্রণয়নের কাজ সম্পাদন করবে।