দেশের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং তাদের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এফবিসিসিআইকে শক্তিশালী, কার্যকর ও অরাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, ব্যবসায়ী সমাজের প্রকৃত প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে এফবিসিসিআইকে আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ সকালে ব্যবসায়ী নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ব্যবসায়ীদের দাবি-দাওয়া সরকারের কাছে কার্যকরভাবে তুলে ধরতে এফবিসিসিআইয়ের ভূমিকা আরো শক্তিশালী করতে হবে। প্রয়োজনে গঠনমূলক চাপ সৃষ্টি করে নীতিগত সহায়তা আদায়ে সংগঠনটিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তবে কোনো অবস্থাতেই এ সংগঠনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।
মন্ত্রী আরো বলেন, সরকার এমন একটি এফবিসিসিআই চায়, যা সব ব্যবসায়ীর যৌথ প্লাটফর্ম হিসেবে কাজ করবে। নীতিনির্ধারণে বাস্তবভিত্তিক মতামত দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সহায়ক শক্তি হিসেবেও সংগঠনটিকে ভূমিকা রাখতে হবে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সংগঠনকে গতিশীল ও কার্যকর করতে যোগ্য, দূরদর্শী ও উদ্যমী নেতৃত্ব প্রয়োজন। ব্যবসায়ীদের মধ্য থেকেই নেতৃত্ব আসা উচিত, যাতে সংগঠনটি ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে।
ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন আমদানি নীতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই তা উন্মুক্ত করা হবে। পাশাপাশি বস্ত্র ও পাট, শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সেবা সহজ করতে ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে আলাদা কমিটি গঠন করা হবে।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. আবদুর রহিম খান বক্তব্য দেন।
বৈঠকে ব্যবসায়ী নেতারা এফবিসিসিআইকে আরো কার্যকর ও ব্যবসাবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে বিভিন্ন মতামত দেন। সংগঠনের নির্বাচন হওয়ার আে পর্যন্ত ব্যবসায়ী সমাজ থেকে একজনকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়ার প্রস্তাবও উত্থাপন করেন তারা।
ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন বিজিএমইএর সাবেক সভাপতি এস এম ফজলুল হক, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক নাসরিন ফাতেমা আউয়াল, আব্দুল হক, বাংলাদেশ সিএনজি মেশিনারিজ আমদানিকারক সমিতির সভাপতি জাকির হোসেন নয়ন, বাংলাদেশ সুপার মার্কেট সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক গিয়াস উদ্দিন চৌধুরী খোকন, রাঙ্গামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বেলায়েত হোসেন ভূঁইয়া, এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি নিজাম উদ্দিন রাজেশ ও সাবেক পরিচালক সৈয়দ বখতিয়ার প্রমুখ।










