দেশের নয় জেলায় সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। গতকাল সারা দিনে ও আগের দিন রাতে কুষ্টিয়া, নোয়াখালী, নড়াইল, কক্সবাজার, চাঁদপুর, গাইবান্ধা, কুমিল্লা, গোপালগঞ্জ ও পটুয়াখালীতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
কুষ্টিয়া: জেলার কুমারখালী উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় উপজেলার বাঁধ বাজার পুলিশ ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—উপজেলার চাপড়া ইউনিয়নের পাইকপাড়ার সেনাসদস্য রহমত আলীর স্ত্রী ছালমা খাতুন ও তার ছেলে স্মরণ (১২)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলটির চালক সেনাসদস্য রহমত আলী। স্থানীয়রা জানান, ছুটিতে কুষ্টিয়া শহরের ভাড়া বাড়িতে গিয়ে মোটরসাইকেলে স্ত্রী ও ছেলেকে নিয়ে গ্রামের বাড়ি পাইকপাড়ায় যাচ্ছিলেন রহমত আলী। পথে কুমারখালী উপজেলার বাঁধবাজার পুলিশ ক্যাম্প এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালমা খাতুন ও স্মরণকে মৃত ঘোষণা করেন।
নোয়াখালী: জেলার পৌর এলাকায় বাসচাপায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় মাইজদী-সোনাপুর সড়কের ইসলামিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম জান্নাতুল ফেরদাউস (৮)। সে সদর উপজেলার চর করমুল্যাহর জাকের হোসেনের মেয়ে। নিহত অন্যজন আনুমানিক ৬০ বছরের এক নারী। তার পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, বিকালে মাইজদী-সোনাপুর সড়ক পার হওয়ার সময় সোনাপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। পরে স্থানীয়রা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নড়াইল: জেলার সদর উপজেলায় মালবোঝাই ট্রাক উল্টে ট্রাকচালকের সহকারী নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-যশোর মহাসড়কের হাওয়াইখালী সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত ইমন হোসেন (২৫) মণিরামপুর উপজেলার জালঝাড়া গ্রামের আবদুল আহাদ আলীর ছেলে। স্থানীয়রা জানান, ৮৫০ কার্টন প্যাকেটজাত ডালডা নিয়ে ঢাকা থেকে যশোরের উদ্দেশে যাত্রা করেছিল ট্রাকটি। কুয়াশাচ্ছন্ন সকালে হাওয়াইখালী সেতুতে উঠতে গিয়ে সেতুর সড়ক বিভাজকের সঙ্গে লেগে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের সহকারী ইমন হোসেনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কক্সবাজার: জেলার টেকনাফ উপজেলায় পর্যটকবাহী বাসের ধাক্কায় দুই রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। গতকাল সকালে হ্নীলা ইউনিয়নের লেদা বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকায় কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো টেকনাফের আলীখালী-২৫ নম্বর আশ্রয়শিবিরে ডি-২৬ ব্লকের মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ হাসান (৫) ও সালেহ আহমেদের ছেলে মোহাম্মদ ইসমাইল (৮)। পুলিশ জানিয়েছে, কক্সবাজার থেকে টেকনাফে যাওয়ার পথে লেদা বিজিবি ক্যাম্পের পাশে সড়ক পার হওয়ার সময় পর্যটকবাহী একটি বাস দুই শিশুকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
চাঁদপুর: জেলার ফরিদগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দেয়ালে ধাক্কা লেগে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. শাহ আলম (৪৮) ফরিদগঞ্জ পৌর এলাকার রুদ্রগাঁও গ্রামের ব্যাপারী বাড়ির মৃত আইউব আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরো তিন যাত্রী। স্থানীয় ইউপি চেয়ারম্যান কাউসারুল আলম কামরুল জানান, তিন যাত্রী নিয়ে রূপসা বাজারে যাওয়ার পথে একটি কুকুর ব্যাটারিচালিত অটোরিকশাটির সামনে গিয়ে পড়ে। এ সময় কুকুরটিকে বাঁচানোর চেষ্টা করেন চালক। কিন্তু এ কাজ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি পাশের কবরস্থানের দেয়ালের সঙ্গে ধাক্কা খায়। পরে এর আরোহীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চালক শাহ আলমকে মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা: জেলার পলাশবাড়ীতে ট্রাকচাপায় মাহমুদ হাসান (১২) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুরে পলাশবাড়ী পৌর শহরের তেলের পাম্পের সামনে পলাশবাড়ী-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত মাহমুদ হাসান পলাশবাড়ী পৌর শহরের নুনিয়াগাড়ী গ্রামের রবিউল ইসলামের ছেলে। স্থানীয়রা জানায়, মাহমুদ হাসান মায়ের সঙ্গে রাস্তা পারাপারের জন্য অপেক্ষা করছিল। মায়ের বেখেয়ালে শিশুটি দৌড়ে রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় অন্য দিক থেকে আসা মন্ডল এন্টারপ্রাইজ নামে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটকে ফেলে স্থানীয়রা। উত্তেজিত জনতা সেটিতে ভাংচুরের চেষ্টা চালালে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক ও এর চালককে হেফাজতে নেয়।
গোপালগঞ্জ: জেলার কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নে গতকাল মোটরসাইকেল দুর্ঘটনায় সৌরভ শেখ (২২) নামে একজনের মৃত্যু হয়েছে। সঙ্গে থাকা তার অন্য দুই বন্ধু মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন শিপন শেখ (২১), পারভেজ শেখ (২০)। হতাহত তিনজনই ওই ইউনিয়নের একই গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
পটুয়াখালী: জেলার কলাপাড়া উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সুমন মোল্লা নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আপন নামে আরেকজন। গতকাল বিকালে উপজেলার টিয়াখালী ইউপির নাচনাপাড়া বঙ্গবন্ধু কলোনিসংলগ্ন সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা: জেলার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক মো. শামসু (৪৫) নিহত হয়েছেন। আহত হন ২০ যাত্রী। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জিংলাতলীতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার সময় পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পৌঁছে আহতদের গৌরীপুর হাসপাতালে নিয়ে যায়।










