রাজধানীর কলাবাগান থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— মো. শুভ ও মো. শাকিল হোসেন।
শুক্রবার (২০
সেপ্টেম্বর) বিকাল ৫টা ৪৫ মিনিটে কলাবাগানের লাল ফকিরের মাজারের পাশে একটি বাসায়
অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড তাজা গুলি, দুটি স্টিলের
পিস্তল, ১২ বোর কার্তুজসহ একটি দেশীয় স্টিলের পাইপ গান, একটি ইয়ার গান, একটি
ইলেকট্রিক শক (টিজার), দুটি চাপাতি, তিনটি দেশীয় ছুরি, একটি চাইনিজ কুড়াল, একটি
লোহার দা, তিনটি মোবাইল ফোন ও একটি ওয়েব ক্যামেরা উদ্ধার করা হয়। গোপন সংবাদের
ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
প্রাথমিক
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা
একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য এবং তারা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী
কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কলাবাগান থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।










