কুড়িগ্রামে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই যাত্রী। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের রাজারহাট উপজেলার ছিনাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের সলেয়া চৌকিদারের ছেলে। তিনি সুপারি ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম থেকে রংপুরের দিকে যাচ্ছিল একটি বালুবাহী ট্রাক। পথে ছিনাই এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ট্রাকটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আইয়ুব আলীর মৃত্যু হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত আরো দুই যাত্রীকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।