জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত মোসা. রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বগুড়া থেকে রাজধানীর ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে এসেছিলেন রনজিনা পারভীন। ভোরে গাবতলী বাস টার্মিনালে নামার পর রিকশায় করে হাসপাতালে যাচ্ছিলেন তিনি।

পথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় পেছন থেকে মোটরসাইকেলে আসা এক ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বণিক বার্তাকে বলেন, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। আশা করা হচ্ছে, দ্রুত তাদের শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হবে।