বিজয় দিবসে ঢাকায় অনুষ্ঠিত বিশেষ প্যারাশুট জাম্প অভিযানের মাধ্যমে বাংলাদেশ একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের বিশ্বরেকর্ড গড়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতি দেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

মোস্ট ফ্ল্যাগস ফ্লোন সিমালটেনিয়াসলি হোয়াইল স্কাইডাইভিং (প্যারাশুট জাম্প)’ শিরোনামে এ রেকর্ড অর্জনের মাধ্যমে টিম বাংলাদেশ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল টাইটেল হোল্ডার হিসেবে স্বীকৃতি পেয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দক্ষ ও প্রশিক্ষিত স্কাইডাইভারদের অংশগ্রহণে এ অভিযানে আকাশে উড়তে দেখা যায় লাল-সবুজের ৫৪টি জাতীয় পতাকা। অভিযানে অংশ নেন বিডা চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ বিভিন্ন ইউনিটের প্রশিক্ষিত প্যারাট্রুপাররা। পুরো কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়ন করে আর্মড ফোর্সেস ডিভিশন (এএফডি)।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের রেকর্ডস ম্যানেজমেন্ট টিম জানায়, বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসকে আন্তর্জাতিক পরিসরে স্মরণীয় করে তোলা এবং দেশের বিভিন্ন প্রান্তের স্কাইডাইভারদের অংশগ্রহণে জাতীয় ঐক্য, সাহস ও সক্ষমতার বার্তা বিশ্ববাসীর সামনে তুলে ধরাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

আইএসপিআর জানায়, এ অর্জন কেবল একটি বিশ্বরেকর্ড নয়। এটি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সক্ষমতার প্রতিফলন। লাল-সবুজের এ গর্বিত মুহূর্ত দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।