প্রবাসী বাংলাদেশীরা রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতিতে স্থিতিশীল প্রবৃদ্ধির ভিত্তি তৈরি করেছে বলে মন্তব্য করেছেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। আজ সোমবার স্থানীয় সময় বিকালে সিঙ্গাপুরের প্লুমে অনুষ্ঠিত ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬ সিঙ্গাপুর’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সিঙ্গাপুরে বৈধ বা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখা প্রবাসীদের সম্মান জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করে দৈনিক বণিক বার্তা। এতে সহযোগী অংশীদার হিসেবে রয়েছে সিঙ্গাপুরের থাকরাল গ্রুপ। এ ছাড়া স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে প্রাইম ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, ন্যাশনাল ব্যাংক পিএলসি ও ইউএস-বাংলা এয়ারলাইন্স।

অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান বলেন, প্রবাসী বাংলাদেশীরা আমাদের জাতির অগ্রগতির নেপথ্যের নায়ক। তারা আমাদের দেশের নীরব ও অপ্রকাশিত বীর। বিদেশের মাটিতে নিরলস পরিশ্রম এবং অটুট নিষ্ঠার মাধ্যমে তারা বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করে যাচ্ছেন। এই প্রবাসীরা দেশে যে রেমিট্যান্স পাঠান, তা শুধু তাদের পরিবারকে টেকসই করতে সহায়তা করে না, একই সঙ্গে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং টেকসই জাতীয় উন্নয়নকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের ত্যাগ আমাদের স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি তৈরি করেছে। আর তাদের এ অমূল্য অবদানকে স্বীকৃতি দেয়া আমাদের দায়িত্ব।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আজ বণিক বার্তা রেমিট্যান্স যোদ্ধাদের যে মর্যাদাপূর্ণ সম্মাননা দিতে অনুষ্ঠানের আয়োজন করেছে সেখানে অগ্রণী ব্যাংক কৌশলগত অংশীদার হতে পেরে গর্বিত। দশকের পর দশক ধরে অগ্রণী ব্যাংক প্রবাসী বাংলাদেশীদের জন্য নির্বিঘ্ন, নিরাপদ ও দ্রুত রেমিট্যান্স স্থানান্তর নিশ্চিতে ভূমিকা পালন করে আসছে। সিঙ্গাপুরে আমাদের এক্সচেঞ্জ হাউজ এবং শক্তিশালী বৈশ্বিক নেটওয়ার্কের মাধ্যমে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিরাপদে তাদের প্রিয় জনদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার অঙ্গীকারে অবিচল। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের প্রবাসী জনগোষ্ঠীকে সহায়তা করার জন্য যেসব সক্রিয় পদক্ষেপ নেয়া হয়েছে, তা অত্যন্ত উৎসাহদায়ক। অনুষ্ঠানে আমাদের সম্মানিত নীতিনির্ধারকদের উপস্থিতি এই খাতের জাতীয় গুরুত্বকে আরো স্পষ্ট করে তুলেছে।

সমৃদ্ধ দেশ গড়াতে সবার কাজ করতে হবে জানিয়ে তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সরকার, আর্থিক প্রতিষ্ঠান এবং বাংলাদেশী প্রবাসী জনগোষ্ঠীর মধ্যে ঘনিষ্ঠ সম্পৃক্ততা ভবিষ্যতে আরো শক্তিশালী একটি রেমিট্যান্স ব্যবস্থাপনা ও পরিবেশ গড়ে তুলার পথ প্রশস্ত করবে। আমরা সবাই হাতে হাত রেখে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাই।

সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি থাকরাল গ্রুপের চেয়ারম্যান গুরমুখ সিং থাকরাল। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংকের চেয়ারম্যান এ. এস. এম. শহীদুল্লাহ খান, ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও আইবিএর অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন, প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান এবং থাকরাল ইনফরমেশন সিস্টেমস প্রাইভেট লিমিটেডের নির্বাহী পরিচালক বাসব বাগচিসহ অনেকে।