রমজানে এক কোটি মানুষকে পাঁচটি পণ্য দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি। তিনি বলেন, দেশে যাতে কেউ পণ্য মজুদ করে কৃত্রিমভাবে দাম বৃদ্ধি করতে না পারে সেদিকে আমাদের নজর রয়েছে। তারপরও যদি কেউ দাম বৃদ্ধির চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিং শুরু হয়েছে। আন্তঃমন্ত্রণালয়ের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। উদ্যোক্তা থেকে ভোক্তা পর্যন্ত ভোগ্যপণ্য পৌঁছে দেয়া হবে।
শুক্রবার (২৬ জানুয়ারি) টাঙ্গাইলের দেলদুয়ারে নিজ বাসভবনে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমদানিকারক, স্থানীয় উৎপাদক, কৃষি বিভাগ, খাদ্য বিভাগ, মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগসহ সকলের সঙ্গে আমরা আলোচনা করেছি। তারা বলেছেন, রমজান উপলক্ষে আমাদের যথেষ্ট পরিমাণ পণ্য মজুদ আছে। দেশে আগামী তিন মাসের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির পর্যপ্ত মজুদ রয়েছে।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, শুল্কের বিষয়ে আমরা দেশের আমদানিকারক ও উৎপাদনকারীদের সঙ্গে বৈঠক করেছি। চিনি, তেল ও খেজুরের শুল্ক বেশি ছিল। সেই শুল্ক আমরা যাতে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে পারি- সে বিষয়ে এনবিআরে প্রস্তাব পাঠানো হয়েছে। এ বিষয়ে আগামী সপ্তাহে একটি ঘোষণা আসবে।
তিনি বলেন, আমাদের দেশের জন্য একটা বড় সুসংবাদ আছে। ভারতের বাণিজ্যমন্ত্রী আমাকে শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন। ভারত বাংলাদেশে পেঁয়াজ ও চিনি রফতানি বন্ধ করেছিল। সে বিষয়ে ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বিস্তারিত কথা হয়েছে। ভারত থেকে ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ও ৫০ হাজার মেট্রিক টন চিনি আমদানি করা হবে। এছাড়া ব্রাজিলসহ অন্যান্য দেশ থেকে তেল ও চিনি আমদানি করা হচ্ছে।
মতবিনিময় সভায় দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে এমপি নির্বাচিত হয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর আহসানুল ইসলাম টিটু এ প্রথম দেলদুয়ারে এলেন।










