বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) বগুড়ার বাফার গুদামে নকল সন্দেহে ১৭ ট্রাক টিএসপি সার আটক করা হয়েছে। সারগুলো পরীক্ষার জন্য তিন সদস্যের তদন্ত কমিটি আজ মঙ্গলবার বগুড়ায় পৌঁছে কার্যক্রম শুরু করেছেন।
বগুড়া বাফার সূত্র বলছে, গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রামের পতেঙ্গার টিএসপি কারখানা থেকে সার বোঝাই সাতটি ট্রাক বগুড়া পৌঁছায়। ওই সময় সার নকল বা ভেজাল মনে হয় কর্তৃপক্ষের কাছে। এরপর সারসহ সাতটি ট্রাক আটক করে রাখা হয়। প্রতিটি ট্রাকে ২৮০টি বস্তা করে সাতটি ট্রাকে ৯৮ হাজার কেজি টিএসপি সার রয়েছে।
আজ মঙ্গলবার ভোরে পৌঁছা আরও দশ ট্রাক সার নকল সন্দেহে আটক করা হয়ে। ওই দশ ট্রাকে ১৪০ মেট্রিক টন সার রয়েছে। সব মিলিয়ে ১৭ ট্রাকে ৪ হাজার ৭৬০ বস্তায় ২৩৮ মেট্রিক টন সার রয়েছে।
বগুড়ার বাফার ব্যবস্থাপক মোস্তফা কামাল জানান, বিষয়টি সার কারখানাকে লিখিতভাবে জানানোর পর চট্টগ্রাম থেকে তিন সদস্যের একটি টিম বগুড়ায় এসেছেন। পরীক্ষার পর সার নকল কিনা সে সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে।
তদন্ত কমিটিতে আছেন পতেঙ্গা টিএসপি কমপ্লেক্সের উপপ্রধান রসায়নবিদ রেজাউল হক, ব্যবস্থাপক (প্রশাসন) মাজহারুল ইসলাম ও সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) আউয়াল হোসেন।
মঙ্গলবার দুপুরে তদন্ত কমিটির সদস্য মাজহারুল ইসলাম বলেন, সারের বস্তায় ভিন্নতা পরিলক্ষিত হওয়ায় বগুড়া বাফা থেকে চিঠি দেয়া হয়েছিল। আমরা বস্তাগুলো দেখছি, ভিন্নতা আছে কিনা তা পরীক্ষা চলছে। যেহেতু এগুলো কেমিক্যাল, তাই আমরা সারের নমুনা নিয়ে ল্যাবে পরীক্ষা করব। আগামী ৩ দিনের মধ্যে ফলাফল যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।









