এবারের এসএসসি পরীক্ষায় দেশের ১২টি ক্যাডেট কলেজ থেকে মোট ৬১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০৭ জন জিপিএ-৫ পেয়েছে। শতভাগ পাসের পাশাপাশি জিপিএ-৫ পাওয়ার এ হার ৯৮ দশমিক ২২ শতাংশ।

বাংলাদেশের ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল ও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। ভালো ফলাফলের পাশাপাশি ক্যাডেটদের দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই এসব প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। এ উদ্দেশ্যে একাডেমিক শিক্ষার পাশাপাশি চরিত্র গঠন ও সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দেয়া হয়।

আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ক্যাডেটদের যোগ্য ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে ক্যাডেট কলেজগুলোতে নিয়মিতভাবে যুগোপযোগী শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম যুক্ত করা হচ্ছে।

ক্যাডেট কলেজগুলোর ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে সু-শৃঙ্খল অভ্যন্তরীণ পরিবেশ, অভিজ্ঞ শিক্ষক ও অনুষদ সদস্যদের সার্বক্ষণিক পরিচর্যা ও তদারকি এবং ক্যাডেটদের অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা ও আন্তরিক প্রচেষ্টা।

এ ছাড়া ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সুষ্ঠু দিকনির্দেশনা, ক্যাডেট কলেজগুলোর অভিজ্ঞ ও যোগ্য অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা এ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে অভিভাবকদের সহযোগিতাও এ ফলাফল অর্জনে সহায়ক হয়েছে।