দিনাজপুরের হিলিতে নিয়োগবিধি সংশোধনসহ বেতনবৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা ষষ্ঠ দিনের মতো কর্মবিরতি পালন করছেন। এতে ব্যাহত হচ্ছে শিশুদের টিকাদান কর্মসূচি। একই সঙ্গে ৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া হাম-রুবেলা ক্যাম্পেইন ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এদিকে শিশুদের টিকা দিতে গিয়ে বিভিন্ন কেন্দ্র থেকে ফিরে আসছেন অভিভাবকরা।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে নিয়োগবিধি সংশোধনসহ বেতনবৈষম্য নিরসনের দাবিতে গত ২৬ নভেম্বর থেকে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করছেন।
স্বাস্থ্য পরিদর্শক মাহবুবুল আলম ও জোসনা পারভীন বলেন, আমরা যে কাজ করি সেই কাজের মূল্যায়ন চাই, আমরা টেকনিক্যাল কাজ করি কিন্তু সেই টেকনিক্যাল কাজের মর্যাদা পাই না। আমরা আমাদের বেতনবৈষম্যের নিরসন চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের এক সমাবেশে আমাদের বেতমবৈষম্য নিরসনের ঘোষণা দিয়েছিলেন। এরপর ২০১৮ সালের ২ জানুয়ারি তত্কালীন স্বাস্থ্যমন্ত্রী আমাদের দাবি মেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি কমিটি গঠন করে দেন। এছাড়া চলতি বছরের ২০ ফেব্রুয়ারি আমরা হাম-রুবেলার ক্যাম্পেইন বর্জন করলে স্বাস্থ্যমন্ত্রী সচিব ও মহাপরিচালক মহোদয় আমাদের দাবিগুলো মেনে নিয়ে লিখিত সমঝোতা পত্রে স্বাক্ষর করেন। আমাদের দেয়া এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই। আমাদের এ দাবিগুলো পূরণ না হওয়ায় আন্দোলন করছি।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. গাদ্দাফি শিকদার বলেন, হেলথ অ্যাসিস্ট্যান্টদের কর্মবিরতির কারণে চলমান টিকাদান কর্মসূচি ব্যাহত হচ্ছে।









