আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার মেয়রপদে নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী ও ত্রিশাল বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি এম এ এ এস আলম বাবলুর মৃত্যুতে এ নির্বাচন স্থগিত করা হয়।

গত রবিবার সন্ধ্যা ৭টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই তিনি মারা যান।

গতকাল সোমবার বাদ জোহর এ প্রার্থীর জানাযা নামাজে মানুষের ঢল নামে। এ ঘটনায় ময়মনসিংহ জেলা আঞ্চলিক নিবার্চন কর্মকর্তা শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মেয়র পদে এ পৌরসভায় নির্বাচন স্থগিত করেছেন। তবে কাউন্সিলর পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ত্রিশাল উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক আহমেদ জানান, মৃত্যুর দিনই তিনি ত্রিশাল পৌরসভা নির্বাচনে মেয়র পদে যাচাই-বাছাইয়ে বৈধতা পান।