কয়েকদিন ধরে টানা বৃষ্টি দেখছেন রাজধানীবাসী। এর মধ্যে আজ সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় অফিসগামীদের পোহাতে হচ্ছে ব্যাপক দুর্ভোগ।

গতকাল রাত থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যা সকালে নতুন গতি পায়।

বিভিন্ন এলাকায় প্রাপ্ত খবরে জানা যাচ্ছে, রাজধানীর বড় একটি অংশের অলি-গলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এমনকি মূল সড়কেও পানি জমে আছে। এতে অফিসগামীদের মূল সড়ক পর্যন্ত যেতে ও যানবাহন পেতে বিপত্তিতে পড়তে হচ্ছে।

rain_dhaka1

ছবি: তাওহীদুজ্জামান তপু

রাজধানীর গ্রিন রোড, ধানমন্ডি, মোহাম্মদপুর, শেওড়াপাড়া ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় অল্প বৃষ্টিতেই পানি জমে যায়। আজ সকালেও একই চিত্র দেখা গেছে।

গত দুইদিন সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাজধানীর অলি-গলি, সড়কে চাপ কম ছিল। কিন্তু আজ দিনের শুরুতে বৃষ্টি হওয়ায় অফিসগামীদের অনেকের পরিবহন পেতে সমস্যা হয়েছে। আবার জলাবদ্ধতা মূল সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধক হয়ে উঠেছে।