পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী আলয়েভ বাখরোমজন জুরাবোয়েভিচের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। গতকাল ইরাকের বাগদাদে চলমান ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম অধিবেশনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা বাড়িয়ে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ নিয়ে মতবিনিময় করেন তারা। বাজারে প্রবেশাধিকার বাড়ানো ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের সম্ভাব্য উপায় হিসেবে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের বিষয়টি বিশেষভাবে পর্যালোচনা করা হয়।
বৈঠকে আকাশপথে যোগাযোগ, পর্যটন ও দুই দেশের ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ অনুসন্ধানে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ জোরদারের ওপর গুরুত্ব দেয় উভয় পক্ষ।










