প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে গতকাল বেলা সাড়ে ১১টায় বরেণ্য এ কথাসাহিত্যিকের স্মরণসভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার চত্বরে হাসান আজিজুল হকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্যে অর্থনীতিবিদ অধ্যাপক সনত্কুমার সাহা বলেন, মনুষ্য সত্যকে তিনি (হাসান আজিজুল হক) যে পূর্ণতা দিয়েছেন সেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তার যে সাহিত্য প্রতিভা তা বাংলাদেশসহ ভারতে চিরদিন সমাদৃত হয়ে থাকবে। তিনি উদার ছিলেন, মানবতাবাদী ছিলেন। তার প্রতি আমাদের যে আবেগ আছে সেটি মোটেও কাঁচা নয়, এটা গভীর আবেগ। এ আবেগ ধরে রাখতে পারলে আমাদের কল্যাণ। তিনি আমাদের গভীরে গেঁথে আছেন, ভবিষ্যতেও থাকবেন।

উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর বলেন, হাসান আজিজুল হক স্যার শারীরিকভাবে আমাদের মাঝে নেই, তবে কর্মের মাধ্যমে ঠিকই আছেন। তিনি শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্পদ না, বাংলা ভাষাভাষী সব বাঙালির সম্পদ। তিনি একজন সফল শিক্ষক ছিলেন, জটিল বিষয়গুলোকে খুবই সুন্দর করে বোঝাতেন। সাহিত্যে যা লিখতেন, তা বাস্তবে রূপ দিতে মাঠে নেমে পড়তেন।

উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ১৯৫০-৬০ সালের দিকে বাংলা সাহিত্যে যারা যারা অবদান রেখেছিলেন, হাসান আজিজুল হক তাদের অন্যতম। তিনি বাংলায় সাহিত্যের একটি নতুন ধারা সৃষ্টি করে গেছেন। ছোটগল্পের এ রাজপুত্র কখনো পুরস্কারের জন্য লিখতেন না। তিনি সবসময় মানুষের জন্য লিখতেন। উজানের দিকে নৌকা ভাসাতেন, চ্যালেঞ্জ গ্রহণ করতেন। তার অসামান্য ভাষাভঙ্গি, অশ্রুতপূর্ব সংলাপ, অনাস্বাদিত চরিত্র নির্মাণ ও অনন্য গল্প বলার যে ধরন; তা ৫০ বছর ধরে বাংলা সাহিত্যের পাঠকদের মুগ্ধ করে রেখেছে। আমরা দর্শন বিভাগকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেব যেন স্যারকে প্রতি বছর স্মৃতিতে স্মরণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম। আরো বক্তব্য দেন কোষাধ্যক্ষ ওবায়দুর রহমান প্রামাণিক, দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক নিলুফার আহমেদ, ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা মলয় কুমার ভৌমিক, অধ্যাপক নুরুল হোসেন, অধ্যাপক আবু বকর, অধ্যাপক জুলফিকর মতিন, হাসান আজিজুল হকের নাতি অনির্বাণ প্রমুখ।

অধ্যাপক হাসান আজিজুল হক ২০২১ সালের ১৫ নভেম্বর রাজশাহীর নিজ বাসভবন উজানে মারা যান।