আকাশসীমার জটিলতা কাটিয়ে দেশে পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি ইউরেনিয়াম। আজ কঠোর নিরাপত্তায় ইউরেনিয়াম পরিবহন করে নেয়া হবে বিদ্যুৎ কেন্দ্রে।

একটি দেশের আকাশসীমা ব্যবহারে ওই দেশের আপত্তির কারণে এ জ্বালানি পরিবহন কিছুটা বিলম্ব হয়। অবশেষে সেই জটিলতা কাটিয়ে গতকাল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি দেশে এসে পৌঁছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

রাশিয়া থেকে সরাসরি বিশেষ কার্গো উড়োজাহাজে দুপুরের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউরেনিয়াম পৌঁছায়। আজ বিশেষ ব্যবস্থায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নেয়া হবে রূপপুরের প্রকল্প সাইটে।

এরপর পর্যায়ক্রমে ডিসেম্বর পর্যন্ত এ জ্বালানি আসার কার্যক্রম চলবে। দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি ও প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি, সব মিলিয়ে মোট নয়টি কার্গো উড়োজাহাজে এ পারমাণবিক জ্বালানি আসবে বলে সূত্রটি জানায়।

এর আগে গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের এক বিবৃতিতে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহের কার্যক্রম ২০২৬ সালের অক্টোবরে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত চলবে। ডিসেম্বরের শেষ নাগাদ এ সরবরাহ প্রক্রিয়া সম্পন্ন হবে। চুক্তি ও প্রকল্পের সময়সূচি অনুযায়ী, কয়েকটি ফ্লাইটের মাধ্যমে এ জ্বালানি পরিবহন করা হবে।