রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে মো. তারেক (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার (৩০ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে লংগদু-বরকল উপজেলার সীমান্তবর্তী মহালছড়ি এলাকা থেকে তারেকের মরদেহ উদ্ধার করা হয়।

তারেক চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মনকির চর ইউনিয়নের শীলকূপ গ্রামের মো. মনজুর আহমেদের ছেলে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙ্গামাটি কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল আনুমানিক ৬টার দিকে রাঙ্গামাটির বরকল সুবলং ইউনিয়ন সংলগ্ন কাট্টলী বাজারের পার্শ্ববর্তী কাপ্তাই হ্রদের পানিতে ১৫-২০ সদস্যের একদল জেলে একটি ডুবন্ত নৌকা উদ্ধার করতে কাজ করছিল। তাদের মধ্যে থেকে মো. তারেক পানিতে ডুবে নিখোঁজ হন।

ফায়ার সার্ভিস আরো জানায়, বুধবার সকাল ৭টার সময় নিখোঁজ তারেকের স্বজনরা রাঙ্গামাটি ফায়ার স্টেশনের ডুবুরি টিমের সাহায্য চায়। পরে সংবাদ পাওয়ার পর স্টেশনের সাব-অফিসার সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে এক ঘণ্টার চেষ্টায় সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর মরদেহটি স্থানীয় পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন বলেন, বরকল উপজেলার মহালছড়ি এলাকায় কাপ্তাই হ্রদে ডুবে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডুবন্ত নৌকা উদ্ধারের সময় তিনি নিখোঁজ হয়েছিলেন।